বুধবার, মে ২০, ২০২৬
আজকের সংবাদ

বাজারে ৫ টাকার নতুন নকশার নোট, পরিবর্তন হচ্ছে অন্য নোটের স্বাক্ষরও

নিরাপত্তা বৈশিষ্ট্য ও নতুন ডিজাইন সংবলিত পাঁচ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এই নতুন নোট ইস্যু করার প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এই নোট সরবরাহ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন পাঁচ টাকার নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার রাখা হয়েছে। হালকা গোলাপি রঙের আধিক্য থাকা এই নোটের সামনের অংশের বাঁ পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি এবং মাঝখানে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। আর নোটের পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
নোটের নিরাপত্তা জোরদারে জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম যুক্ত করা হয়েছে।
এ ছাড়া নোটের বাঁ পাশে কাগজের ভেতরে দুই মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই স্পষ্ট দেখা যায়। নোটের সামনের অংশের নিচের দিকে গিলোশ প্যাটার্নের ওপরে মাইক্রোপ্রিন্টে অসংখ্যবার ‘বাংলাদেশ’ লেখা রয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০ ও ১০ টাকার নোটও বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার থেকে মতিঝিল কার্যালয় থেকে এই নোটগুলো ইস্যু করা শুরু হয়।
গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই নোটগুলোতে কেবল গভর্নরের স্বাক্ষর পরিবর্তন হয়েছে; এগুলোর নকশা, রং, আকার ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, চব্বিশের গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নকশায় কাগজের মুদ্রা ছাপানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নতুন এই সিরিজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর আগে সাবেক গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়া হয়েছিল। তবে নতুন নকশায় এখনো ১ ও ২ টাকার নোট ছাপানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *