বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
আজকের সংবাদ

বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে একসঙ্গে ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এর ফলে পরিচালক পর্যায়ের শূন্যতা কমার পাশাপাশি অতিরিক্ত পরিচালক পদে নতুন করে ১৩টি শূন্যপদ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৭তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মুস্তারি জাহান, মো. মোহাম্মদ শামসুর রহমান, মো. ইউসুফ ভূঁইয়া, মো. হোসাইন খান, মো. ওহিদুল ইসলাম, মো. কাওসার আলী, শেখ মো. লুৎফুল কবির, মো. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, মো. ফারুক হোসাইন, উম্মে সালমা, মো. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মো. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

বিএসইসি সূত্রে জানা গেছে, পদোন্নতির চিঠি পাওয়ার পর ১৩ কর্মকর্তা মঙ্গলবারই পরিচালক পদে যোগদান করেছেন। তবে নতুন পদে তাদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিধি এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই দায়িত্ব বণ্টন করে পৃথক আদেশ জারি করা হবে।

সূত্র জানায়, ১৩ কর্মকর্তার পদোন্নতির ফলে অতিরিক্ত পরিচালক পদে ১৩টি শূন্যপদ তৈরি হয়েছে। এসব পদে কমিশনে কর্মরত যোগ্য যুগ্ম পরিচালকদের পদোন্নতি দিয়ে পূরণ করা হবে। এর ফলে ধারাবাহিকভাবে নিচের স্তরেও পদোন্নতির সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, কর্মকর্তা পদোন্নতি ও দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে বিএসইসির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কমলে দায়িত্ব বণ্টনেও ভারসাম্য আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *