শুক্রবার, মে ১, ২০২৬
আজকের সংবাদ

বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে দক্ষিণ আফ্রিকায় ‘রোড শো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক অঙ্গনে রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় আফ্রিকায় বিনিয়োগ আকৃষ্ট করতে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ‘রোড শো’ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি হবে বিএসইসির সপ্তম রোড শো।

বিএসইসি এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে ২৩ আগস্ট (বুধবার) ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক রোড শো আয়োজন করছে। এ ছাড়া অংশীদার হিসেবে সহযোগিতায় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আলিফ গ্রুপ।

এদিন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ও.আর। স্থানীয় সময় সকাল ১০টায় টাম্বোর রেডিসন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে রোড শো শুরু হবে এবং চলবে বিকেল ৩টা পর্যন্ত।

দুই পর্বে রোড শোটির আয়োজন করা হয়েছে। এতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি এবং দেশটির বিনিয়োগকারীরা অংশ নেবেন।

বিএসইসি শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত জায়গা চিহ্নিত করতে বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করছে। এর আগে বিএসইসি প্রথম রাউন্ডে দুবাই, দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র, তৃতীয় রাউন্ডে সুইজারল্যান্ড, চতুর্থ রাউন্ডে যুক্তরাজ্য, পঞ্চম রাউন্ডে কাতার এবং ষষ্ঠ রাউন্ডে জাপান সফলভাবে রোড শো সম্পন্ন করেছে। এছাড়া সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রোড শো আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এবারের রোড শোতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। যেখানে সরকার, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে এ রোড শো অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের রোড শোতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী ও স্টেকহোল্ডাররা অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের বিভিন্ন সেক্টরে বক্তব্য দেবেন। সেখানে অতিথিদের সামনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এফডিআই বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা তুলে ধরা হবে।

এছাড়া দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করবেন তার কৌশল ও সার্বিক নিরাপত্তা তুলে ধরা হবে।

উল্লেখ্য, ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণে চলতি বছরের অক্টোবরে ফ্রান্সের দুটি শহরে রোড শো অনুষ্ঠিত হবে। এটি হবে বিএসইসির অষ্টম সংস্করণ। চলতি বছরের ১৬ অক্টোবর প্যারিসে এবং ১৮ অক্টোবর টুলুজে একটি রোড শো অনুষ্ঠিত হবে। সম্মেলন ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে এবং চলবে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। এতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি এবং দেশটির বিনিয়োগকারীরা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *