বেনী আমিন, এফসিসিএ, সিআইএ — ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) হিসেবে যোগদান
বেনী আমিন, এফসিসিএ, সিআইএ আজ ২১ অক্টোবর ২০২৫ তারিখে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.-তে জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) হিসেবে যোগদান করেছেন।
ডিএসইতে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৯ বছরেরও বেশি সময় ধরে তিনি ব্যাংকিং ও অডিট খাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। তাঁর দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— সাধারণ ব্যাংকিং, ট্রেজারি, ট্রেড ও ক্যাশ অপারেশন, ফাইন্যান্স এবং অভ্যন্তরীণ নিরীক্ষা।
বেনী আমিন অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (ACCA), ইউকে-এর ফেলো সদস্য, সার্টিফাইড ইন্টারনাল অডিটর (CIA), ইউএসএ এবং সার্টিফাইড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (CAMS) হিসেবে স্বীকৃত
অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে অসামান্য নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ তিনি অক্টোবর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি হেড অব অডিট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন অডিট সফটওয়্যার বাস্তবায়নে অসাধারণ অবদানের জন্য ACE Alliance–FICA টিমের সদস্য হিসেবে GIA STAR Award 2021 অর্জন করেন। এছাড়া গ্লোবাল ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট টিমে অতিথি সদস্য হিসেবে (অক্টোবর ২০১৯ – মার্চ ২০২০) দায়িত্ব পালন করেছেন। তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে আন্তর্জাতিক অডিট প্রকল্পে কাজের অভিজ্ঞতাও অর্জন করেছেন।
এর আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে সিনিয়র অডিট ম্যানেজার (এভিপি) এবং এইচএসবিসি (হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড)-এ ফাইন্যান্স ম্যানেজার (এভিপি) ও ট্রেজারি অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে বিবিএ এবং ফিন্যান্সে এমবিএ ডিগ্রিধারী এই পেশাজীবী তাঁর কৌশলগত দৃষ্টি, নেতৃত্বের দক্ষতা এবং বহুজাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত।
