সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আইপিও

বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদনের তারিখ পরিবর্তন

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও আবেদনের তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী বছরের ১৪ জানুয়ারি এই আবেদন শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এর আগে কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
জানা যায়, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের শেয়ারের কাট অফ প্রাইস (প্রান্তসীমা মূল্য) ৩৫ টাকা নির্ধারণ করেছেন যোগ্য বিনিয়োগকারীরা (ইআই)। তবে কাট অফ প্রাইসের তুলনায় ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকায় সাধারণ বিনিয়োগকারী ও অনাবাসি বাংলাদেশীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। গত ২০-২৩ নভেম্বর কোম্পানিটির বিডিং অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১০ অক্টোবর কমিশনের ৮৮৫তম সভায় বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।
কমিশন সভায় বেস্ট হোল্ডিংস লিমিটেডের (লা মেরিডিয়ান, বেস্ট হোটেলস লিমিটেড, ধামসুর অর্থনৈতিক অঞ্চল ও অন্যান্য প্রকল্প) আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৫০ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে উত্তোলনের প্রস্তাব অনুমোদন করা হয়। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি ভবন ও অন্যান্য পূর্তকাজ, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার খরচ খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন, ২০২৩ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৪ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা ৩২ টাকা ২৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ৯৫ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শান্তা ইকুইটি লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে শর্ত দিয়েছে বিএসইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *