বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

মাসের শেষ- ব্যাংক অ্যাডজাস্টমেন্টের কারণে এগুতে পারেনি পুঁজিবাজার

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ছিল ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের ব্যাংক সমন্বয়ের শেষ দিন। এ কারণে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন বিনিয়োগকারীদের ওপর অলিখিত নিষেধাজ্ঞা ছিল। ফলে বৃহৎ বিনিয়োগকারীরা আজ কাঙ্খিত শেয়ার কিনতে পারেননি।

অন্যদিকে পুঁজিবাজারে আজ সাধারণ বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। যার কারণে বাজারে আজ বিক্রির চাপ ও ক্রয়ের চাপে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। আজও বাজারে ইতিবাচক আচরণ লক্ষ্য করা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মার্জিন নিয়ে বিনিয়োগকারীরা আগামী রোববার থেকে বাজারে সক্রিয় হবেন। ফলে রোববার থেকে বাজার ইতিবাচক মোড় নিতে পারে। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারাও তাই মনে করেন।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বেড়েছে ২৩ শতাংশ। এদিন কোনো খাত উল্লেখযোগ্যভাবে প্রবৃদ্ধি করতে পারেনি। ব্যাংক সমন্বয় ও সাধারণ বিনিয়োগকারীদের সতর্কতার কারণে আজ পুঁজিবাজার সূচক কিছুটা বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৪ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএসইর অন্যান্য সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৮৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ০.০৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে লেনদেনে ৩০২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের ৭০ বা ২৩.১৮ শতাংশ হার বেড়েছে। ৭৮ বা ২৫.৮৩ শতাংশ শেয়ারের দাম কমেছে এবং ১৫৪ বা ৫০.৯৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪২২ কোটি ৩০ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি ৭১ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ০১ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৮০ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ২.২৫ পয়েন্ট এবং সিএসআই  ০ দশমিক ৬৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১ হাজার ১০৮.০৪ পয়েন্ট এবং ১ হাজার ১৬৭.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই-৩০ সূচক ৭.৭২ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩ হাজার ৩৫৮ দশমিক ৭৩ পয়েন্ট এবং ১ হাজার ৩০৬.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে ১৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩৩টির দাম বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির। এদিন সিএসইতে ৫০ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *