রবিবার, আগস্ট ২, ২০২৬
আজকের সংবাদ

মুনাফায় সিটি ব্যাংক

সিটি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে রোববার (২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন তুলে ধরা হয়। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ওয়েবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ০১ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ দশমিক ৭২ টাকা। একই সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫২৬ দশমিক ৬৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০১ দশমিক ১১ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্যানেল সদস্যরা সেগুলোর উত্তর দেন।
সিটি ব্যাংক জানায়, গত কয়েক বছরে ব্যাংকটির কার্যক্রম ও ধারাবাহিক অগ্রগতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ধরনের আয়োজন ব্যাংকের সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *