বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
কোম্পানি সংবাদ

৩৫০% নগদ লভ্যাংশ ম্যারিকোর, ১২ কোম্পানির লভ্যাংশ শূন্য

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানির লভ্যাংশ ঘোষণায় দেখা গেছে ভিন্ন চিত্র। কোনো কোম্পানি ৩৫০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, আবার ১২টি কোম্পানি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশই দিচ্ছে না। এর মধ্যে শেয়ারপ্রতি আয় ঋণাত্মক থাকা ছয়টি কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে, শেয়ারপ্রতি আয় ইতিবাচক থাকা দুটি কোম্পানি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তালিকায় সর্বোচ্চ ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০২ টাকা ৮২ পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ইপিএস ২০ টাকা ১৭ পয়সা। এ ছাড়া সামিট অ্যালায়েন্স ২৫ শতাংশ এবং এসিআই ফরমূলেশনস ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

তবে এসিআইয়ের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। কোম্পানিটির ইপিএস ঋণাত্মক ৮ টাকা ৫৯ পয়সা হলেও ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঋণাত্মক আয় থাকা আরও পাঁচটি কোম্পানি—এস্কয়ার নিট, আমরা নেট, সিলভা ফার্মা, ফার কেমিক্যাল ও এম.এল ডাইং—যথাক্রমে ২ শতাংশ, শূন্য দশমিক ২০ শতাংশ, শূন্য দশমিক ১০ শতাংশ, শূন্য দশমিক ১০ শতাংশ ও শূন্য দশমিক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

১২ কোম্পানির লভ্যাংশ শূন্য

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ১২টি কোম্পানি হলো মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক, রহিমা ফুড, স্টাইলক্রাফট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, সাফকো স্পিনিং, আইসিবি, রেনউইক যজ্ঞেশ্বর, জুট স্পিনার্স, বসুন্ধরা পেপার ও মেঘনা সিমেন্ট।

এগুলোর মধ্যে মুন্নু অ্যাগ্রোর ইপিএস ৪ পয়সা এবং মুন্নু সিরামিকের ৯ পয়সা। অন্যদিকে, রহিমা ফুডের ইপিএস ঋণাত্মক ২৫ পয়সা, স্টাইলক্রাফটের ৩৪ পয়সা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৬০ পয়সা, দেশবন্ধু পলিমারের ৩ টাকা ১৫ পয়সা এবং সাফকো স্পিনিংয়ের ৪ টাকা ৭০ পয়সা।

এ ছাড়া আইসিবির ইপিএস ঋণাত্মক ৭ টাকা ৫২ পয়সা, রেনউইক যজ্ঞেশ্বরের ১০ টাকা ৬৩ পয়সা, জুট স্পিনার্সের ৪০ টাকা ২০ পয়সা, বসুন্ধরা পেপারের ৪২ টাকা ৭৪ পয়সা এবং মেঘনা সিমেন্টের ৬৩ টাকা ৬৮ পয়সা।

বিভিন্ন হারে লভ্যাংশ ঘোষণা

তালিকায় ওয়াটা কেমিক্যাল ১৫ শতাংশ, নাভানা ফার্মা ৬ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস, ইনডেক্স অ্যাগ্রো ১২ দশমিক ৫০ শতাংশ, ইউনিক হোটেল ১২ শতাংশ এবং হিমাদ্রি লিমিটেড ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১১ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে।

ক্রাফটসম্যান ফুটওয়্যার ও টেকনো ড্রাগস ১০ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে। সায়হাম কটন ও খুলনা পাওয়ার ঘোষণা করেছে ৭ দশমিক ৫০ শতাংশ করে। বারাকা পতেঙ্গা ও সায়হাম টেক্সটাইল ৫ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে।

অন্যদিকে, অগ্নি সিস্টেমস ২ দশমিক ৫০ শতাংশ এবং বারাকা পাওয়ার, দেশ গার্মেন্টস, কুইন সাউথ ও এস্কয়ার নিট ২ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে। আরডি ফুড, অলটেক্স, জেনেক্স ইনফোসিস ও ই-জেনারেশন ১ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।

কম হারে লভ্যাংশ ঘোষণাকারী কোম্পানির তালিকায় রয়েছে আমরা নেট, ভিএফএস থ্রেড, সিলভা ফার্মা, ফার কেমিক্যাল ও এম.এল ডাইং। এর মধ্যে আমরা নেট শূন্য দশমিক ২০ শতাংশ এবং বাকি চারটি কোম্পানি শূন্য দশমিক ১০ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে। জিবিবি পাওয়ার ঘোষণা করেছে শূন্য দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *