৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা বিএসসি’র
তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি, এ সময়ের মধ্যে সর্বোচ্চ।
রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে অনুষ্ঠিত ৪৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।এজিএমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে বিএসসির পরিচালনা বাবদ ৪৮৭ কোটি ৭৪ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে ১০৮ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে। অন্যদিকে পরিচালনায় ১৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২১ কোটি ৯৮ লাখ টাকা। ফলে নিট মুনাফার ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।’
এছাড়া আরপিওর (রিপিট পাবলিক অফার) মাধ্যমে সংগৃহীত ৩১৩ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ৯৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৫তলা ভবন নির্মাণে ৫৯ কোটি ৩৫ লাখ, শেয়ার বাজারজাতে ১৭ কোটি ৯৩ লাখ এবং ছয়টি জাহাজ ক্রয়ে ১৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক।Stock market advisory services
কমডোর মাহমুদুল মালেক জানান, সরকারের সহযোগিতায় বিএসসি এরই মধ্যে ছয়টি নতুন জাহাজ সংযোজন করেছে, যার মধ্যে পাঁচটি বহরে যুক্ত করা রয়েছে। ভবিষ্যতে আরো দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বিএসসি।
এছাড়া নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগিরই ১২টি নতুন কনটেইনার জাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে বিএসসির। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সহায়তায় ছয়টি জাহাজের নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
