রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
আজকের সংবাদ

৬০ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স ৫৫৯২, লেনদেন ছাড়াল ৭৪৭ কোটি টাকা

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা উত্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে তৈরি হওয়া আশঙ্কা কিছুটা কমছে এবং ধীরে ধীরে আস্থা ফিরতে শুরু করেছে। তবে পরিস্থিতি আরও ভালোভাবে বোঝার জন্য এখনো অনেক বিনিয়োগকারী বাজার পর্যবেক্ষণ করছেন। আগামী দিনগুলোতে উত্থানের এই ধারা অব্যাহত থাকলে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড হতে পারে। এতে বাজারে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

তাদের মতে, বাজারের এই ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা প্রয়োজন। সম্ভাব্য পতন ঠেকাতে বাজারের নজরদারি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় বাজার সংস্কার করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি ও স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.০৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২.২০ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ২০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১.১৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৮০টির কমেছে এবং ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

রোববার ডিএসইতে প্রায় ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার। ফলে আগের দিনের তুলনায় আজ ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৯১ কোটি ৯৬ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন সিএসইতে ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৪১টির দর কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.৮৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৫৬.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই সূচক ৬৩ পয়েন্ট বেড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *