× Pujibazarpress - Follow Us
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

৭ কোম্পানির অডিট রিপোর্টে নানা আপত্তি, চাপে বিনিয়োগকারীরা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের মন্তব্য ও পর্যবেক্ষণ দিয়েছেন নিরীক্ষক (অডিটর)।

এসব মন্তব্যের মধ্যে রয়েছে কোয়ালিফাইড ওপিনিয়ন, বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন, এম্ফাসিস অব ম্যাটার, আদার ম্যাটার এবং চলমান প্রতিষ্ঠান (গোয়িং কনসার্ন) সংক্রান্ত বস্তুগত অনিশ্চয়তা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো—শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি, ন্যাশনাল টিউবস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ন্যাশনাল টিউবসের অডিটর কোয়ালিফাইড ওপিনিয়ন ও এম্ফাসিস অব ম্যাটার অনুচ্ছেদ দিয়েছেন। শার্প ইন্ডাস্ট্রিজের অডিটর দিয়েছেন এম্ফাসিস অব ম্যাটার ও আদার ম্যাটার অনুচ্ছেদ।

একই অর্থবছরের প্রতিবেদনে ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইলের অডিটর এম্ফাসিস অব ম্যাটার এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের অডিটর বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন অনুচ্ছেদ উল্লেখ করেছেন।

অন্যদিকে, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অডিটর কোয়ালিফাইড ওপিনিয়ন, এম্ফাসিস অব ম্যাটারস ও আদার ম্যাটার অনুচ্ছেদ দিয়েছেন।

অ্যাটলাস বাংলাদেশের অডিটর কোয়ালিফাইড ওপিনিয়ন, এম্ফাসিস অব ম্যাটার এবং চলমান প্রতিষ্ঠান বা গোয়িং কনসার্ন সংক্রান্ত বস্তুগত অনিশ্চয়তা অনুচ্ছেদ উল্লেখ করেছেন। আর কুইন সাউথ টেক্সটাইল মিলসের অডিটর দিয়েছেন বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন অনুচ্ছেদ।

উল্লেখ্য, নিরীক্ষকের কোয়ালিফাইড ওপিনিয়ন সাধারণত আর্থিক বিবরণীর নির্দিষ্ট কিছু বিষয়ে আপত্তি বা সীমাবদ্ধতা নির্দেশ করে। অন্যদিকে, এম্ফাসিস অব ম্যাটার ও আদার ম্যাটার অনুচ্ছেদের মাধ্যমে নিরীক্ষক আর্থিক প্রতিবেদন বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। আর গোয়িং কনসার্ন সংক্রান্ত বস্তুগত অনিশ্চয়তা কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার ইঙ্গিত দেয়।

এসব নিরীক্ষা মন্তব্যের কারণে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন, পরিচালনাগত অবস্থা ও ভবিষ্যৎ সক্ষমতা মূল্যায়নে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *