৯ কোটি ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কিনবে মতিন স্পিনিং, অর্থায়ন বোনাস শেয়ারের মাধ্যমে
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: উৎপাদনের আধুনিকায়ন এবং সুনির্দিষ্ট কর্মদক্ষতা বাড়াতে নতুন মূলধনী যন্ত্রপাতি (Capital Machinery) কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পোশাক ও বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি। সুইজারল্যান্ডভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘রিটার এজি’ (Rieter AG) থেকে প্রধানত এসব যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫৭তম সভায় এই ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্যান্য রেগুলেটরি সংস্থায় পাঠানো এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানি সূত্র জানায়, কারখানার ব্লো রুমে স্বয়ংক্রিয় মিশ্রণ বা ‘অটো ব্লেন্ডিং’ (Auto Blending in the Blow Room) প্রযুক্তি চালুর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়ন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সামগ্রিক উৎপাদনশীলতা ও অপারেশনাল দক্ষতা বহুগুণে বৃদ্ধি পাবে।
যন্ত্রপাতি কেনা, বাণিজ্যিক খরচ, স্থাপন (Installation), নির্মাণকাজ, আনুষঙ্গিক ও অন্যান্য খাত মিলিয়ে মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। এই বিপুল ব্যয়ের অর্থসংস্থান বা অর্থায়ন করা হবে বোনাস শেয়ার (Stock Dividend) ইস্যু করার মাধ্যমে।
মতিন স্পিনিং মিলস পিএলসি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, নতুন এই যন্ত্রপাতি সফলভাবে স্থাপন ও চালু হওয়ার পর কারখানাটির সার্বিক উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বাড়বে। ফলে কোম্পানিটি বছরে অতিরিক্ত (incremental profit of approximately) প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মুনাফা করতে সক্ষম হবে।
