শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

বিএসইসির হস্তক্ষেপে বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছিলো। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় রূপালী ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ব্যাংকটি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে আলোচ্য বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (২ মে) ঢাকা ওচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আর এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আলোচনা করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। দুই পক্ষের আলোচনা শেষে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে রূপালী ব্যাংকের পর্ষদে লভ্যাংশ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই বিষয়ে ঘোষণা দিবে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *