ডিএসই সার্ভার আবারও কারিগরি ত্রুটির কবলে পড়েছে নিষ্পত্তি হয়নি লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার আবারও কারিগরি ত্রুটির কবলে পড়েছে। রোববার (৬ আগস্ট) লেনদেন হওয়া শেয়ার এখনো নিষ্পত্তি করেনি প্রতিষ্ঠানটি।
জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হয়। আর বিকাল ৩টা বা সাড়ে তিনটার মধ্যে প্রতিদিনের শেয়ার লেনদেন নিষ্পত্তি হয়ে যায়। তবে এদিন রাত ১০টার মধ্যেও অনেক প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি ডিএসই।
জানা গেছে, লেনদেন নিষ্পত্তি না হওয়ায় অনেক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বাড়ি যেতে পারছেন না। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো অফিসেই রয়েছেন।
এ প্রসঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও জানান, ডিএসইতে যোগ্য লোকের অভাব রয়েছে। প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে, তাহলে সমাধান করতে এত সময় লাগবে কেন? রাত ১০টার পরও সিডিবিএল সংশ্লিষ্ট কর্মকর্তারা বাসায় যেতে পারেননি। এটি এখনও সমাধান হয়নি, তাই আগামীকাল লেনদেন হবে কিনা তাও অনিশ্চিত।
