শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
অনুসন্ধানী রিপোর্ট

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড আইপিও তহবিল ব্যবহারে বড় ধরনের অনিয়ম

শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড আইপিও তহবিল ব্যবহারে বড় ধরনের অনিয়ম করেছে বলে অডিট রিপোর্টে অভিযোগ উঠেছে। সম্প্রসারণ প্রকল্পের জন্য জমি ও ভূমি উন্নয়নে কোম্পানিটি যে বরাদ্দ নির্ধারণ করেছিল, তার চেয়ে ছয়গুণেরও বেশি ব্যয় করেছে, কিন্তু এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়নি।
কোম্পানিটির অডিটর এমএবি অ্যান্ড জে পার্টনার্সের রিপোর্ট অনুযায়ী, জমি ও ভূমি উন্নয়নের জন্য লুব-রেফ বরাদ্দ রেখেছিল ৭ কোটি ৮৮ লাখ টাকা, কিন্তু ব্যয় করেছে ৪৯ কোটি ৬১ লাখ টাকা—অতিরিক্ত প্রায় ৪১ কোটি টাকা। আইপিও তহবিলের ব্যবহার পরিবর্তনে শেয়ারহোল্ডারদের ইজিএম এবং পরে বিএসইসি অনুমোদন বাধ্যতামূলক হলেও কোনোটিই অনুসরণ করা হয়নি।
অডিট রিপোর্টে আরও বলা হয়, কোম্পানিটি দুই দফায় এই ব্যয় করেছে। প্রথম দফায় ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত ব্যয় হয় ৩৫ কোটি ৯১ লাখ টাকা এবং সব অর্থ ব্যাংক চ্যানেলে পরিশোধ করা হয়েছে। দ্বিতীয় দফায় ১ মে ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ব্যয় হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৫ কোটি ৭৯ লাখ টাকার নথি পাওয়া গেছে, তবে ৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের কোনো সমর্থনযোগ্য কাগজপত্র অডিটর পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *