পাঁচ ইসলামি ব্যাংকের টাকা যেভাবে ফেরত পাবেন গ্রাহকরা
একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামি ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত টাকা ফেরত পেতে যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহ থেকে এই টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে। এই টাকা কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা আমানত বিমা তহবিল থেকে দেওয়া হবে।
সমস্যাগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করা হচ্ছে। এই পাঁচটি ব্যাংককে অধিগ্রহণ করবে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’, যার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
যেসব গ্রাহকের ব্যাংক হিসাবে জমা ২ লাখ টাকা পর্যন্ত আছে, তারা পুরো টাকা উঠিয়ে নিতে পারবেন। যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা আছে, তারা আপাতত সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন।
আমানতের বাকি টাকার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক পরে সিদ্ধান্ত দেবে এবং ওই গ্রাহকের আমানতের বাকি টাকার ওপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ৭৫ লাখ আমানতকারীর মধ্যে মূলত ছোট গ্রাহকদের আতঙ্ক দূর করা এবং তাঁদের অতীব জরুরি প্রয়োজন মেটানো।
বাংলাদেশ ব্যাংক কীভাবে এই টাকা ফেরত দেওয়া হবে তা নিয়ে একটি স্কিম প্রণয়নের কাজ করছে, যা টাকা ফেরতের আগে প্রকাশ করা হবে। গ্রাহকদের জন্য টাকা পেতে কিছু শর্ত দেওয়া হয়েছে।
