শুক্রবার, মে ২৯, ২০২৬
আজকের সংবাদ

ঈদের আগে ব্যাংকিং সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাটে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৪ মে) এ বিষয়ে দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনা অনুযায়ী, ঈদের আগের দিন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা এবং পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।
এই সিদ্ধান্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটগুলোর জন্য প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়। তাই নিরাপদ ও নির্বিঘ্ন আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যাংকিং কার্যক্রম সহজলভ্য রাখা জরুরি।
এ লক্ষ্যে হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথের মাধ্যমে অর্থ জমা, উত্তোলন ও নতুন হিসাব খোলার সুবিধা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে—২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত নির্ধারিত পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা বা উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে।পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে অস্থায়ী বুথ স্থাপন করতে হবে।অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরের নির্ধারিত পশুর হাটগুলোতে এ বিশেষ ব্যাংকিং সেবা চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *