বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
আজকের সংবাদ

ব্যাংক-টু-ব্যাংক ডিজিটাল লেনদেনে নতুন ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বাংলা কিউআরভিত্তিক ব্যাংক-টু-ব্যাংক ডিজিটাল লেনদেনে মার্চেন্টের কাছ থেকে আদায়যোগ্য ফি (মার্চেন্ট ডিসকাউন্ট রেট-এমডিআর) পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এনপিএসবি (NPSB) প্ল্যাটফর্মের আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে সম্পন্ন হওয়া মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর প্রযোজ্য হবে।
বুধবার (১ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের আওতায় সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআর লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করা হয়েছে।
এলসি ও আমদানি-রপ্তানিতে ডিজিটাল যুগ, কাগজের বদলে ই-ডকুমেন্ট চালু
০১ জুলাই ২০২৬
এতে বলা হয়, পূর্বের সার্কুলারে উল্লেখিত সব ফি, চার্জ ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। তবে এনপিএসবির আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে সম্পন্ন হওয়া মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।
তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উৎসাহ দিতে প্রয়োজন হলে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো প্রচারমূলক ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি-২)–এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *