রবিবার, জুলাই ৫, ২০২৬
আজকের সংবাদ

উৎপাদনে ফিরেছে ফু-ওয়াং ফুডস

শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন উৎপাদন বন্ধ থাকার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেড আবারও সীমিত পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। তবে উৎপাদন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ধাপে ধাপে (ইন্টারমিটেন্ট) উৎপাদন চালু রাখা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ২২ জুনের ব্যাখ্যা চাওয়ার চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে ফু-ওয়াং ফুডস।
কোম্পানিটি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে কেক, ব্রেড, বিস্কুট, টোস্ট, স্ন্যাকস, ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন ধরনের কনফেকশনারি পণ্য। এছাড়া পৃথক ইউনিটে বিভিন্ন স্বাদের চকলেট, চকলেট-কোটেড পণ্য ও ওয়েফার বার উৎপাদন করা হয়। পানীয় বিভাগে বোতলজাত বিশুদ্ধ পানি ও কার্বনেটেড সফট ড্রিংকসও উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
ব্যাখ্যায় কোম্পানিটি আরও জানায়, সম্প্রতি কারখানায় শ্রমিকদের অসন্তোষের কারণে কয়েক দিনের জন্য উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় বর্তমানে সীমিত পরিসরে উৎপাদন পুনরায় শুরু হয়েছে এবং ধাপে ধাপে উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হলে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে গতি ফিরবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে।
উল্লেখ্য, ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৯২ দশমিক ১৫ শতাংশই উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। শনিবার (৪ জুলাই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *