শনিবার, জুলাই ১১, ২০২৬
আজকের সংবাদ

বিশ্ব অর্থনীতির সংকটে নতুন ভরসা কৃত্রিম বুদ্ধিমত্তা

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাড়তে থাকা বিপুল বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতেও এই বিনিয়োগ সহায়ক হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।
আইএমএফের সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে নামতে পারে। গত বছর এ হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ। তবে ২০২৭ সালে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাবে বলে আশা করছে সংস্থাটি।
আইএমএফের এপ্রিল মাসের পূর্বাভাসের তুলনায় নতুন এই মূল্যায়নে চলতি বছরের প্রবৃদ্ধি কিছুটা কম ধরা হলেও, ২০২৭ সালে অর্থনীতির পুনরুদ্ধারের গতি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হয়েছে।
সংস্থাটি বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর। তবে সংঘাত শুরুর পর বিশ্ব অর্থনীতি নিয়ে যে মাত্রার শঙ্কা তৈরি হয়েছিল, বাস্তব পরিস্থিতি তার তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছে।
এর অন্যতম কারণ হিসেবে প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট বিনিয়োগের প্রসারকে উল্লেখ করেছে আইএমএফ। যুক্তরাষ্ট্রের ব্যাপক বিনিয়োগের ফলে এআই-সংশ্লিষ্ট চিপ ও হার্ডওয়্যার রপ্তানিকারক চারটি দেশ—তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি আইএমএফের আগের পূর্বাভাসের চেয়েও দ্রুত বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের চার প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট, অ্যামাজন, মেটা ও মাইক্রোসফট-এআই খাতে মোট ৭০০ বিলিয়ন ডলার (৭০ হাজার কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে।
আইএমএফ আরও জানিয়েছে, সেমিকন্ডাক্টর বা চিপের বৈশ্বিক বাজারে শক্তিশালী চাহিদার কারণে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি চলতি বছর ২ দশমিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে। এটি এপ্রিল মাসে দেওয়া আইএমএফের পূর্বাভাসের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *