লিগ্যাসি ফুটওয়্যারের ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের প্রায় ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। গত ৫ সেপ্টেম্বর রূপালী ব্যাংক থেকে লিগ্যাসি ফুটওয়্যারকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, লিগ্যাসি ফুটওয়্যারের সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে সম্প্রতি ব্যাংকটি সুদের পরিমাণ (১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা) মওকুফ করেছে।
জানা গেছে, সুদ মওকুফের পর লিগ্যাসি ফুটওয়্যারে পরিশোধ করতে হয়েছে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা। পরিশোধিত মূলধন বাড়িয়ে এই অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
