সূচকের বড় পতনে ডিএসই, কমলো বাজার মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সময়ে কমেছে ডিএসইর বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ৯২ শতাংশ বা ৬ হাজার ৪৯৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩০ দশমিক ৪ পয়েন্ট বা ২ দশমিক ৫৮ শতাংশ। একই সময়ে ডিএস-৩০ সূচক কমেছে ২৭ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ। আর শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক কমেছে ২৩ দশমিক ৫৮ পয়েন্ট বা ২ দশমিক ০৪ শতাংশ।
আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা।
এদিকে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৬ দশমিক ৮৮ শতাংশ। চলতি সপ্তাহে প্রতিদিন ডিএসইতে গড়ে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৭১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টির এবং ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
