রবিবার, আগস্ট ৩০, ২০২৬
কোম্পানি সংবাদ

মেয়াদপূর্তিতে ৪ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

মেয়াদপূর্তির পর ইতালিপ্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবী নুরুল হুদার কাছে ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৭৫৬ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্থ তিনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন।

গত ২৭ জুলাই রাজধানীর কাওরান বাজারে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন নুরুল হুদার হাতে বীমা দাবির চেক তুলে দেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, নুরুল হুদা ২ কোটি টাকা এবং ২০ লাখ টাকা বীমা অঙ্কের দুটি পৃথক জীবন বীমা পলিসি গ্রহণ করেছিলেন। পলিসি দুটির মেয়াদ পূর্ণ হওয়ায় তাকে মোট ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৭৫৬ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে একই পলিসির বিপরীতে সারভাইভাল বেনিফিট হিসেবে তিনি আরও ১০ লাখ টাকা পেয়েছিলেন।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস (এফসিএ), মো. আবুল কাসেম, বাহার উদ্দিন মজুমদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনীর লেমুয়া ইউনিয়নের পশ্চিম মীরগঞ্জ গ্রামের বাসিন্দা নুরুল হুদা দীর্ঘদিন ধরে ইতালির রোমে বসবাস করছেন। তিনি নিজ এলাকায় মসজিদ, মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ইতালিতেও তিনি দুটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন।

ন্যাশনাল লাইফ জানিয়েছে, মেয়াদপূর্তিতে পাওয়া বীমার অর্থ নুরুল হুদা তার প্রতিষ্ঠিত মসজিদ ও এতিমখানার পরিচালনা এবং অন্যান্য সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *