বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
আজকের সংবাদ

ডেসকোকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন বিএসইসির

সরকারের ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড। এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডেসকো।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ আগস্ট দেওয়া এক চিঠিতে বিএসইসি প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি দিয়েছে। কমিশনের অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে ৪৫ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

ইস্যু করা শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে। সরকারের পক্ষে এসব শেয়ারের প্রতিনিধিত্ব করবেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

ডেসকো জানিয়েছে, বাংলাদেশ সরকারের ইক্যুইটির বিপরীতে এসব প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হচ্ছে। বিএসইসির অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবে কোম্পানিটি।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ডেসকো। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের বাইরে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানিটির ৩২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার।

মঙ্গলবার(১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ডেসকোর শেয়ারের সর্বশেষ দর ছিল ২৩ টাকা ১০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *