সোমবার, অক্টোবর ৫, ২০২৬
আজকের সংবাদ

সঠিক অডিট ও সুশাসনেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে: আইসিএবি সভাপতি

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদ এফসিএ বলেছেন, সঠিক অডিটিং, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই কেবল বিনিয়োগকারীদের মাঝে দীর্ঘমেয়াদী আস্থা ফিরিয়ে আনা সম্ভব। শেয়ারবাজারে সুশাসন ও সার্বিক আস্থা ফিরিয়ে আনতে হিসাববিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আরও কার্যকরী ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক যৌথ সেমিনারে তিনি এসব কথা বলেন।
সোমবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘বিল্ডিং ইনভেস্টর কনফিডেন্স: দ্য রোল অব প্রফেশনাল বডিস ইন অডিট রিপোর্টিং, গভর্নেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক এক যৌথ সেমিনারে তিনি এসব কথা বলেন। আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, আইআইএবি এবং এসিসিএ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাব্বীর আহমেদ বলেন, আন্তর্জাতিক ক্যাপিটাল মার্কেটে উদ্যোক্তা ও প্রমোটররা পেশাদারদের পরামর্শকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। কিন্তু বাংলাদেশে ব্যবসায়ী সমাজ ও সরকারি আমলাতন্ত্রের মধ্যে পেশাদার অ্যাকাউন্ট্যান্ট, করপোরেট সেক্রেটারি ও ইন্টারনাল অডিটরদের যুক্ত করার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে।

পোশাক খাতের উদাহরণ দিয়ে তিনি মন্তব্য করেন, দেশে তৈরি পোশাক খাতের রফতানি বাড়লেও ব্যবসায়ীরা মার্জিনের চাপে থাকার কথা বলছেন। কারণ, বায়ারদের সঙ্গে দরকষাকষির সময় সঠিক কস্টিং ও খরচের স্পষ্ট ধারণা তাদের থাকে না, যেখানে পেশাদার কস্ট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্টরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। এছাড়া, প্রপার ক্যাপিটাল অ্যাসেসমেন্ট ও সঠিক ফিজিবিলিটি ছাড়া ব্যবসার অতি-সম্প্রসারণ অনেক কোম্পানিকে ঝুঁকিতে ফেলছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারি উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বললেন, আড়াই লাখ কোটি টাকার ঢাকা মেট্রোরেলের মতো দেশের অন্যতম শীর্ষ অবকাঠামো প্রকল্পে সরকারি আমলারা শীর্ষ দায়িত্বে থাকলেও সেখানে আন্তর্জাতিক মানের কোনো পেশাদার অ্যাকাউন্ট্যান্ট বা প্রফেশনাল কাজ করছেন না। বড় বড় প্রকল্পে পেশাজীবীদের যুক্ত করা হলে তা গভর্নেন্স ও অপারেটিং সাস্টেইনেবিলিটি নিশ্চিত করতে সাহায্য করে।

অডিট খাতের সমালোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অডিট খাতের ভুলত্রুটি বা ব্যর্থতা আমরা কোনোভাবেই কার্পেটের নিচে লুকিয়ে রাখতে চাই না। তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের সময় সব দায় একা অডিটরদের ওপর চাপানো হয় না; মূল ব্যবসার ভুল সিদ্ধান্ত ও গভর্ন্যান্স ব্যর্থতাও তার বড় কারণ। তিনি আরও বললেন, আইসিএবি-র বর্তমান কাউন্সিলে ১৫ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন, যা এ পেশাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ। সেমিনারে বিভিন্ন পেশাজীবী সংস্থার প্রতিনিধি ও শেয়ারবাজার সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *