বন্ধ কারখানা, অস্তিত্বসংকটে আজিজ পাইপস!
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দীর্ঘদিনের লোকসান ও ঋণের চাপে অস্তিত্বসংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপস। কোম্পানিটির সম্পদের চেয়ে দায় বেশি।
২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারহোল্ডারদের নিট সম্পদ ঋণাত্মক ২৭ কোটি ৩২ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসান ছাড়িয়েছে ৬১ কোটি টাকা। এর মধ্যে প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে উৎপাদন।
কোম্পানিটির স্থায়ী সম্পদের অস্তিত্ব, মালিকানা ও প্রকৃত মূল্যও যাচাই করতে পারেননি নিরীক্ষক। সব মিলিয়ে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আজিজ পাইপসের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি নিরীক্ষা করেছে অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং। নিরীক্ষক আনোয়ার হোসেন কোম্পানিটির আর্থিক অবস্থার পাশাপাশি ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও উদ্বেগ জানিয়েছেন।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৬ লাখ টাকা। এতে শেয়ারহোল্ডারদের ইকুইটি বা নিট সম্পদ কমে ঋণাত্মক ২৭ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৪০ টাকায় নেমেছে। অর্থাৎ কোম্পানিটির মোট দায় তার মোট সম্পদের চেয়ে বেশি।
শুধু আর্থিক হিসাবেই নয়, কোম্পানিটির সম্পদের বাস্তব অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, আজিজ পাইপসের স্থায়ী সম্পদের অস্তিত্ব, মালিকানা এবং আর্থিক প্রতিবেদনে দেখানো মূল্য যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে কোম্পানিটির প্রকৃত সম্পদমূল্য কত, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
কোম্পানিটির পাওনা আদায়ের অবস্থাও দুর্বল। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা ছিল ২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ৫৩ লাখ টাকা এক বছরের বেশি সময় ধরে অনাদায়ি। এত পুরোনো পাওনার বিপরীতে কোনো সঞ্চিতি রাখেনি কোম্পানিটি।
অগ্রিম ও জামানত হিসাবেও আপত্তি তুলেছেন নিরীক্ষক। এ খাতে কোম্পানিটি ১ কোটি ৭২ লাখ টাকা দেখিয়েছে। এর মধ্যে সাধারণ অগ্রিম ২৬ লাখ এবং কর্মীদের অগ্রিম ২৬ লাখ টাকা। এসব অগ্রিমের একটি অংশ দীর্ঘদিন ধরে সমন্বয় করা হয়নি।
মজুদ পণ্যের হিসাব নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির মজুদ পণ্যের পরিমাণ ছিল ১ কোটি ৭৩ লাখ টাকা।
এর মধ্যে কাঁচামাল ১ কোটি ৩৫ লাখ এবং প্রস্তুত পণ্য ৩৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মজুদের পরিমাণ ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা। মজুদের উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন অবিক্রীত বা ধীরগতিতে বিক্রি হওয়ায় এসব পণ্যের প্রকৃত বিক্রয়যোগ্য মূল্য নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।
আজিজ পাইপসের ব্যাংকঋণ নিয়েও বড় ধরনের অসংগতি রয়েছে। কোম্পানির হিসাবে উত্তরা ব্যাংকের কাছে দীর্ঘমেয়াদি ঋণ ৫ কোটি ৭২ লাখ এবং ব্লক ঋণ ১৭ কোটি ১৭ লাখ টাকা।
সব মিলিয়ে ঋণের পরিমাণ ২২ কোটি ৮৯ লাখ টাকা। তবে ব্যাংকটি ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত সুদসহ ৭২ কোটি ৫১ লাখ টাকা দাবি করে মামলা করেছে।
অন্যদিকে, ডাচ্-বাংলা ব্যাংকের কাছে দীর্ঘমেয়াদি ঋণ ৩ কোটি ৩২ লাখ এবং চলতি ঋণ ৪ কোটি ১৮ লাখ টাকা দেখিয়েছে কোম্পানিটি। সব মিলিয়ে এ ব্যাংকের কাছে ঋণের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ টাকা। তবে ব্যাংকটি ২০২২ সালের ২০ অক্টোবর পর্যন্ত ৩৪ কোটি ৬ লাখ টাকা দাবি করে মামলা করেছে।
অর্থাৎ দুই ব্যাংক মিলে ১০৬ কোটি ৫৭ লাখ টাকা দাবি করেছে। বিপরীতে কোম্পানির হিসাবে ব্যাংক দুটির কাছে ঋণের পরিমাণ ৩০ কোটি ৩৯ লাখ টাকা। ব্যাংকের দাবি ও কোম্পানির হিসাবের মধ্যে পার্থক্য ৭৬ কোটি টাকার বেশি। ২০১৯ সালে ব্যাংক দুটির সঙ্গে সমঝোতা চুক্তি করে ৫ কোটি ৩ লাখ টাকা পরিশোধ করেছিল আজিজ পাইপস।
এরপরও ব্যাংকগুলোর দাবির সঙ্গে কোম্পানির হিসাবের যে বিশাল পার্থক্য রয়েছে, তার বিপরীতে কোনো সঞ্চিতি রাখা হয়নি।
এদিকে চলতি মূলধনের অভাব এবং বাকিতে কাঁচামাল সংগ্রহ করতে না পারায় ২০২৪ সালের ১ মে থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় আয়-রোজগারের পথও সংকুচিত হয়েছে।
সব মিলিয়ে ঋণাত্মক নিট সম্পদ, বিপুল ব্যাংকঋণ, অনাদায়ি পাওনা এবং দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার কারণে আজিজ পাইপসের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরীক্ষকের পর্যবেক্ষণেও কোম্পানিটির ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।
