টি+১ ট্রেডিং চালুতে বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
শনিবার (২১ নভেম্বর) ডিবিএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে ডিবিএ এ ব্যবস্থা চালুতে সক্রিয় ভূমিকা রেখেছে।
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।
এতে লেনদেনের গতি ও বাজারের তারল্য বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিত হবে।
ডিবিএ মনে করে, এ ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তির সময় কমবে, বিনিয়োগকারীরা দ্রুত অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন এবং পুঁজিবাজারের প্রতি আস্থা জোরদার হবে।
পুঁজিবাজারের টেকসই উন্নয়নে ভবিষ্যতেও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছে সংগঠনটি।
