× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সাবমেরিন ক্যাবলের নিরীক্ষায় আপত্তি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর শর্তযুক্ত নিরীক্ষা মতামত দিয়েছেন নিরীক্ষক। একই সঙ্গে নিরীক্ষা প্রতিবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব (Emphasis of Matter) আরোপ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে বিটিসিএলের কাছে পাওনা হিসেবে দেখানো ১২ কোটি ৪১ লাখ টাকা, অগ্রিম ভ্যাট ও প্রদেয় ভ্যাটের হিসাবে অসংগতি, অস্তিত্বহীন পেনশন তহবিল, সরকারি ইক্যুইটি অর্থ শেয়ার মূলধনে রূপান্তর না করা এবং তিনটি ব্যাংকে আটকে থাকা ২০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ১৩৩ টাকার স্থায়ী আমানত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর দুটি বিষয়ে শর্তযুক্ত মতামত দিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের ৯.২ নম্বর নোট অনুযায়ী, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছে ভ্যাটের সুদ বাবদ ১২ কোটি ৪১ লাখ টাকা পাওনা দেখানো হয়েছে। ভ্যাট নিরীক্ষার সময় বিলম্বে ভ্যাট পরিশোধের কারণে কোম্পানিটির ওপর ১৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৯৩২ টাকা দাবি আরোপ করা হয়েছিল।

এর মধ্যে ২০২৪ অর্থবছরে কোম্পানিটি সরকারি কোষাগারে ১২ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করে এবং পুরো অর্থ বিটিসিএলের কাছ থেকে পাওনা হিসেবে দেখায়। বাকি ৩ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৯৩২ টাকা সম্ভাব্য দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, বিটিসিএলের কাছে পাওনা হিসেবে দেখানো অর্থটি আগের বছর থেকে বহাল রয়েছে। কোম্পানি বিটিসিএলকে চিঠি দিয়ে অর্থ দাবি করলেও বিটিসিএল লিখিতভাবে সেই দায় গ্রহণ করেনি। ফলে যথাযথভাবে দায়টি বিটিসিএলের কাছে স্থানান্তরিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিরীক্ষকের মতে, বিটিসিএলের লিখিত সম্মতি না থাকায় ১২ কোটি ৪১ লাখ টাকা পাওনা হিসেবে দেখানোর যথেষ্ট ভিত্তি নেই। এই অর্থ পাওনা না দেখিয়ে ব্যয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির মুনাফা এবং সম্পদ সমপরিমাণ কমে যেত।

এর ফলে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সংরক্ষিত আয় এবং চলতি সম্পদ উভয়ই ১২ কোটি ৪১ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। পাশাপাশি বিটিসিএলের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়ে অনিশ্চয়তা থাকলেও চলতি বছরে এ অর্থের বিপরীতে কোনো প্রভিশন রাখা হয়নি।

নিরীক্ষা প্রতিবেদনে দ্বিতীয় আপত্তির বিষয় হিসেবে ভ্যাটের হিসাবের অসংগতি তুলে ধরা হয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদনে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অগ্রিম ভ্যাট হিসেবে ৮৯ লাখ ৫২ হাজার ১১৫ টাকা দেখানো হয়েছে।

অথচ একই সময়ের ভ্যাট রিটার্নে ১ কোটি ৯২ লাখ ১১ হাজার ৬১৬ টাকা নিট ভ্যাট প্রদেয় হিসেবে উল্লেখ রয়েছে। ফলে আর্থিক প্রতিবেদনে দেখানো ভ্যাটের হিসাব ভ্যাট রিটার্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন নিরীক্ষক।

অস্তিত্বহীন পেনশন তহবিল ও আইনি জটিলতা

নিরীক্ষা প্রতিবেদনের বিশেষ গুরুত্বের অংশে বলা হয়েছে, কোম্পানিটি দীর্ঘদিন ধরে কর্মীদের পেনশন তহবিল (Employees’ Pension Fund) হিসেবে ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯৫২ টাকা বহন করে আসছে। অথচ বাস্তবে এ ধরনের কোনো পেনশন তহবিলের অস্তিত্ব নেই।

এছাড়া কোম্পানিটি বিভিন্ন আইনি কার্যক্রম ও রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িত রয়েছে। এর মধ্যে ২০১১-১২ কর নির্ধারণী বছরসংক্রান্ত ২ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৬৩৯ টাকার একটি দাবি রয়েছে, যা বর্তমানে হাইকোর্ট বিভাগের আপিল পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ২০১৩-১৪ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ভ্যাটের সুদ বাবদ ভ্যাট কর্তৃপক্ষ আরও ৩ কোটি ৩২ লাখ টাকার দাবি উত্থাপন করেছে। কোম্পানি কর্তৃপক্ষ এসব বিষয় নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি ইক্যুইটি অর্থ শেয়ার মূলধনে রূপান্তর হয়নি

নিরীক্ষকের প্রতিবেদনে কোম্পানিটির সরকারি ইক্যুইটি অর্থের হিসাব নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, টেলিযোগাযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে ১৬৬ কোটি টাকা এবং ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে আরও ১৫৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকা পেয়েছে কোম্পানিটি। এসব অর্থের মধ্যে আঞ্চলিক সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্প (এসএমডব্লিউ-৫) এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প (এসএমডব্লিউ-৬) বাস্তবায়নের অর্থ রয়েছে।

নিরীক্ষকের ভাষ্য অনুযায়ী, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) ২০২০ সালের ১১ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুসারে, শেয়ার মানি ডিপোজিট গ্রহণের ছয় মাসের মধ্যে তা শেয়ার মূলধনে রূপান্তর করতে হয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর ১৬৫ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৭৫ টাকা শেয়ার মূলধনে রূপান্তর করা হয়েছে।

তবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অবশিষ্ট ১৫৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ২৫ টাকা শেয়ার মূলধনে রূপান্তর করা হয়নি। এ অর্থ এখনো আর্থিক প্রতিবেদনে ইক্যুইটির মধ্যে ‘সরকারের কাছ থেকে পাওয়া ইক্যুইটি অর্থ’ হিসেবে দেখানো হচ্ছে।

তিন ব্যাংকে আটকে আছে ২০ কোটি টাকার বেশি আমানত

নিরীক্ষা প্রতিবেদনে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তিনটি ব্যাংকে রাখা স্থায়ী আমানত নিয়েও উদ্বেগের বিষয় তুলে ধরা হয়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের ১৫ নম্বর নোট অনুযায়ী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে সুদসহ মোট ২০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ১৩৩ টাকার স্থায়ী আমানত রয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫-এর ১৫ ধারা অনুযায়ী এসব ব্যাংককে অকার্যকর বা নন-ভায়াবল ঘোষণা করেছে। পরবর্তীতে ২০২৬ সালের ৯ আগস্ট সংশোধিত ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে এসব ব্যাংকের সম্পদ ও দায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে স্থানান্তর করা হয়েছে।

এই স্কিম অনুযায়ী, কোম্পানিটির আমানতের একটি অংশ সম্মিলিত ইসলামী ব্যাংকের ‘ক্লাস-সি’ শেয়ারে রূপান্তর করা হবে। অবশিষ্ট অর্থ ব্যাংক রেটের চেয়ে ১ শতাংশ কম সরল মুনাফার হারে পাঁচ বছর মেয়াদি আমানত হিসেবে রাখা হবে। ফলে এসব আমানত পূর্বনির্ধারিত মেয়াদপূর্তির তারিখে উত্তোলন করা সম্ভব হবে না।

নিরীক্ষকের মতে, আমানতের কত অংশ শেয়ারে রূপান্তর হবে এবং অবশিষ্ট অর্থের নতুন শর্ত কীভাবে কার্যকর হবে, তার চূড়ান্ত ফলাফল এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে কোম্পানিটির এসব বিনিয়োগের বহনমূল্যের ওপর এর কী প্রভাব পড়বে, সেটিও বর্তমানে নিশ্চিত নয়।

নিরীক্ষক এসব বিষয় আর্থিক প্রতিবেদনে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তবে পেনশন তহবিল, আইনি জটিলতা, সরকারি ইক্যুইটি অর্থ এবং ব্যাংকে আটকে থাকা আমানতসংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করার ক্ষেত্রে নিরীক্ষক স্পষ্ট করেছেন যে, এসব বিষয়ে তাঁর নিরীক্ষা মতামত পরিবর্তিত হয়নি। অন্যদিকে, বিটিসিএলের কাছে পাওনা এবং ভ্যাটের হিসাবসংক্রান্ত দুটি আপত্তির ভিত্তিতেই কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত নিরীক্ষা মতামত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *