× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
ব্যাংক

জনতা ব্যাংকের নতুন এমডি মো. মাহবুব আলম

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. মাহবুব আলম। বুধবার (২৫ নভেম্বর) থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের পিআরডি ফেরদৌস আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মো. মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত থাকাকালে ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন মাহবুব আলম। পরের বছর ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।

১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।

ব্যাংকটির গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীরা আশা করছেন, মাহবুব আলমের নেতৃত্বে জনতা ব্যাংক বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *