এডিএন টেলিকম বিনিয়োগকারীদের এবার আরও বেশি লভ্যাংশ দেবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড (৩০ জুন, ২০২৩) সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা এক শেয়ারের বিপরীতে ১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।
বুধবার (৪ অক্টোবর) এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির রেকর্ড ডেট ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি ৪ ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।
তথ্য অনুযায়ী, গত অর্থবছরে এডিএন টেলিকমের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা। আগের বছর (২০২২) কোম্পানির ইপিএসের পরিমাণ ছিল ২ টাকা ৫৯ পয়সা।
আর্থিক বছর শেষে এডিএন টেলিকমের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৬৪ টাকা। আগের অর্থবছর শেষে এনএভিপিএস ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।
উল্লেখ্য যে এডিএন টেলিকম ২০১৯ সালে দেশের স্টক মার্কেটের আইটি সেক্টরে তালিকাভুক্ত হয়েছিল। ২০২০ সালে, কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। পরের বছর (২০২১ সাল) কোম্পানির শেয়ার প্রতি আয় কিছুটা কমেছে, তাই লভ্যাংশও কমানো হয়েছে। কোম্পানিটি সে বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালেও এডিএন টেলিকমের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল। তবে এবার কোম্পানিটির ইপিএস দেড় গুণের বেশি বেড়ে যাওয়ায় লভ্যাংশের পরিমাণও বাড়িয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত এডিএন টেলিকমের ৪৪.৯১ শতাংশ শেয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা ও পরিচালকদের হাতে ছিল। সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানির ৩৫.৪৪ শতাংশ শেয়ার ধারণ করে। কোম্পানিটির ১৭.৬৬ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। এছাড়াও ১.৯৯ শতাংশ শেয়ার বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
