অগ্নি সিস্টেমসের প্রথম প্রান্তিকে মুনাফা ও ইপিএস বেড়েছে
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও নিট মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি.-এর। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪ পয়সা।
বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৮২তম সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২৬ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ৪৬ লাখ ২১ হাজার ১১৪ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৬.৯২ শতাংশ।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ২৯ পয়সা। অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে এনএভি ছিল ১৭ টাকা ৬৬ পয়সা।
তবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে। আলোচ্য সময়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত রাজস্ব বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় বেড়েছে। অন্যদিকে, সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং পূর্ববর্তী সময়ের হিসাবসংক্রান্ত দায় পরিশোধের কারণে নগদ অর্থের বহিঃপ্রবাহ বেড়েছে। ফলে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমেছে।
