অনলাইন বিনিয়োগ ফাঁদ, বিএসইসির জরুরি সতর্কবার্তা
অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারবাজারে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকতে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি বার্তায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিএসইসির তথ্যমতে, কিছু অসাধু গোষ্ঠী কমিশনের নাম ভাঙিয়ে অনলাইনে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে। তারা নিজেদের বৈধ বা অনুমোদিত সিকিউরিটিজ প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে এসব প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন বা লাইসেন্স নেই।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারকরা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তারা বিনিয়োগে আকৃষ্ট করছে এবং নিজেদের বিএসইসি অনুমোদিত দাবি করছে, যা সম্পূর্ণ ভুয়া।বিশেষভাবে ‘প্রোসপেরিয়া সিকিউরিটিজ গ্রুপ লিমিটেড’ (ওয়েবসাইট: https://prosperiasecurities.com) নামের একটি অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডের নির্দিষ্ট তথ্য পেয়েছে কমিশন। যাচাই ছাড়া এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে বিএসইসির কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
এ অবস্থায় বিনিয়োগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার ওপর জোর দিয়েছে বিএসইসি। কমিশনের ওয়েবসাইট (https://sec.gov.bd/home)-এর ‘Registered Entities’ বিভাগে গিয়ে প্রতিষ্ঠানের নিবন্ধন ও অনুমোদন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর ওয়েবসাইট থেকেও তথ্য যাচাই করা যেতে পারে।
এছাড়া শেয়ারবাজার সংশ্লিষ্ট কোনো প্রতারণা বা অনিয়ম চোখে পড়লে তা দ্রুত কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স বিভাগকে জানাতে বলা হয়েছে। এ সংক্রান্ত তথ্য ই-মেইল (intel@sec.gov.bd) এর মাধ্যমে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিএসইসির নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
