আগামী ৭২ ঘণ্টায় ৫ জেলায় বন্যার আশঙ্কা, সতর্কবার্তা জারি
তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে কেবল কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকাভুক্ত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সতর্কসীমা বা বিপদসীমার কাছাকাছি পানি প্রবাহের কারণে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের প্রভাবে এসব নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন ও জনগণকে পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
