ইউনিলিভার কনজুমারের ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ৫২ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (৪ মার্চ) অনুষ্ঠিত ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা। আগের হিসাববছরে (২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪৯ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস কমেছে প্রায় ৪৪ শতাংশ কম।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৬ টাকা ৮৩ পয়সা।
আগামী ১৫ মে সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।
