শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
এক্সক্লুসিভ

ওয়ান ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত সাড়ে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য সাত শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। এর মধ্যে তিন দশমিক ৫০ শতাংশ নগদ এবং তিন দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। এবার কোম্পানিটির বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৩৩ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা ৫১ পয়সা। সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল এক টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৮ টাকা ২৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *