মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল, প্রস্তুত প্রায় ২৯ হাজার ৫০০ জনবল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি করপোরেশনে মোট প্রায় ২৯ হাজার ৫০০ জনবল প্রস্তুত রাখা হয়েছে।Maps
দুই সিটি করপোরেশন জানিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং নগরবাসীর সুবিধার্থে বিশেষ হটলাইন চালু করা হবে। এছাড়া বর্জ্য সংরক্ষণ ও অপসারণে প্রায় ১৭ লাখ ৭০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে।
ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাজধানীতে এবার প্রায় ৭ লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫৫ হাজার টন বর্জ্য সৃষ্টি হতে পারে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ তদারকি পরিষদ গঠন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক নগরবাসীকে সতর্ক করে বলেন, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
ডিএসসিসি জানিয়েছে, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তর ও অপসারণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৮, ২৯ ও ৩০ মে—এই তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণ করা হবে।
এছাড়া পশুর হাটের বাঁশ, আউড় ও অন্যান্য ময়লা ধাপে ধাপে অপসারণ করা হবে। প্রথম দিনে ৬০ শতাংশ, দ্বিতীয় দিনে ৩০ শতাংশ এবং তৃতীয় দিনে অবশিষ্ট ১০ শতাংশ বর্জ্য পরিষ্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *