বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদ

জেনেক্স ইনফোসিস জরিমানা দিবে ,তাও শেয়ারহোল্ডারদের দেবে না ‘

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে ২ কোটি ৫৩ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে। যা কোম্পানিটির সব শেয়ারহোল্ডারদের জন্য ২.১০ শতাংশ লভ্যাংশের সমান।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।
জেনেক্স ইনফোসিসের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ২.১৭ টাকা হিসাবে ২৬ কোটি ১৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের ১ শতাংশ বা শেয়ারপ্রতি ০.১০ টাকা হিসেবে মোট ৮৪ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৩.২১ শতাংশ। মুনাফার বাকি ২৫ কোটি ৩০ লাখ টাকা বা ৯৬.৭৯ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।
মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ২৫ কোটি ৩০ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২ কোটি ৫৩ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে জেনেক্স ইনফোসিসকে।
এর আগের অর্থবছরে জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি ২.৬২ টাকা হিসাবে ৩১ কোটি ৫৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ হিসেবে ২ কোটি ৫৩ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করে। যা ছিল মুনাফার ৮.০১ শতাংশ। মুনাফার বাকি ২৯ কোটি ৪ লাখ টাকা বা ৯১.৯৯ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়।
কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ১৭% মুনাফা কমেছে। কোম্পানিটির আগের অর্থবছরের ২.৬২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ২.১৭ টাকা। মুনাফায় এই সামান্য পতন এবং ভালো লভ্যাংশ দেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের ৩ শতাংশ লভ্যাংশ ২০২৪-২৫ অর্থবছরে ১ শতাংশ ঘোষণা করেছে।
উল্লেখ্য ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিসের বর্তমানে ১২০ কোটি ৪৫ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯৫ শতাংশ। শনিবার (০৬ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.৫০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *