বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
আজকের সংবাদ

বিএসইসিতে ১৯ কর্মকর্তার পদোন্নতি, শিগগিরই বণ্টন হবে দায়িত্ব

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পরিচালক এবং ১৪ জন যুগ্ম পরিচালক পদে উন্নীত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৮তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন অনু দে, মোহাম্মদ জহিরুল হক, সৈয়দ মোহাম্মদ গোলাম মওলা, সুলতানা পারভিন ও মাহমুদা শিরিন।

অন্যদিকে উপপরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শারহানা পারভিন,  আবদুস সালিম, জিয়াউন্নাহার শরীফ, মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, গৌর চন্দ্র সরকার, মোহাম্মদ আসিফ ইকবাল, এস এম আহসানুল কবির, মো. রফিকুন্নবী, এমদাদুল হক, শাহনওয়াজ,  সুলতান সালাহ উদ্দিন,  মোস্তাফিজুর রহমান,  সিরাজুল ইসলাম ও শাহরিয়ার পারভেজ।

বিএসইসি সূত্র জানায়, পদোন্নতির চিঠি পাওয়ার পর মঙ্গলবারই সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন পদে যোগ দিয়েছেন। তবে এখনো তাঁদের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করা হয়নি। শিগগিরই পৃথক আদেশ জারি করে নতুন দায়িত্ব বণ্টন করা হবে।

বিএসইসিতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। এর আগে গত ১ সেপ্টেম্বর অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। তারও আগে ১৮ আগস্ট পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান তিন কর্মকর্তা।

বিএসইসি সূত্রের মতে, ধারাবাহিক পদোন্নতির ফলে সংস্থাটিতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট ধীরে ধীরে কমছে। একই সঙ্গে নিচের স্তরের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও তৈরি হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন বিভাগে নতুন করে দায়িত্ব বণ্টনের সুযোগ তৈরি হওয়ায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *