ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড পরিচালনায় একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে। বিএসইসির তলব
ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড পরিচালনায় একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজার এক্স অ্যাঞ্জেল লিমিটেডের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ফান্ডের বিনিয়োগের প্রকৃত মূল্য নির্ধারণে একজন স্বাধীন মূল্য নির্ধারক (ইন্ডিপেনডেন্ট ভ্যালুয়ার) দিয়ে প্রস্তুত করা মূল্যায়ন প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বিভাগ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। কমিশনের পর্যালোচনায় ‘এক্স অ্যাঞ্জেল ভিশন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড’ এবং ‘এক্স অ্যাঞ্জেল প্রাইভেট ইক্যুইটি ফান্ড’ পরিচালনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট) বিধিমালা, ২০১৫-এর একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে।
বিএসইসি সূত্র জানায়, বিধিমালার ৮(৫)(গ) অনুযায়ী কোনো ফান্ডে ফান্ড ম্যানেজার ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মিলিতভাবে ৩০ শতাংশের বেশি ইউনিট ধারণ করতে পারেন না। কিন্তু এক্স অ্যাঞ্জেল প্রাইভেট ইক্যুইটি ফান্ডে ফান্ড ম্যানেজার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দখলে রয়েছে ১০০ শতাংশ ইউনিট, যা বিধিমালার সরাসরি লঙ্ঘন।
এ ছাড়া বিধিমালার ১০(৪) অনুযায়ী, বিনিয়োগকারীদের প্রতিশ্রুত অর্থের অন্তত ৫ শতাংশ ফান্ড গঠনের সময় সংগ্রহ করতে হয়। কিন্তু ৪৪ কোটি টাকার কমিটেড ক্যাপিটালের বিপরীতে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেছে কমিশন।
