লভ্যাংশের অর্থ জমায় অনিয়মে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: ঘোষিত নগদ লভ্যাংশের অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা ও ব্যাংক প্রত্যয়নপত্র সংগ্রহের নির্দেশনা পরিপালনে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের প্রস্তাব উপস্থাপনের আগে এসব শর্ত পূরণ বাধ্যতামূলক করতে বিদ্যমান নির্দেশনা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান জনাব মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশন সূত্রে জানা গেছে, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে সেই লভ্যাংশের সম্পূর্ণ অর্থ এজিএমের অন্তত এক দিন আগে লভ্যাংশ বিতরণের জন্য সংরক্ষিত পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। পাশাপাশি, অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়।
ব্যাংক প্রত্যয়নপত্রটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ এজিএমে উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করার বিধান রয়েছে।
তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া, ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংক প্রত্যয়নপত্র সংগ্রহ ও এজিএমে উপস্থাপন না করা পর্যন্ত লভ্যাংশসংক্রান্ত কোনো প্রস্তাব সভায় উপস্থাপন করা যাবে না—এমন বিধান যুক্ত করতে বিদ্যমান নির্দেশনা সংশোধন করা হবে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগে সিদ্ধান্ত
সভায় তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনী অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট পাওয়ার শর্তে কমিশনের সম্মতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে, কোনো স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর নির্দিষ্ট বিধান অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত থেকে আগে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন নিয়োগ অথবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে সেই অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর থাকবে। এ জন্য পুনরায় অব্যাহতি নেওয়ার প্রয়োজন হবে না।
কমিশনের এসব সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণে নিয়ম পরিপালন নিশ্চিত করা এবং স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সিদ্ধান্ত থেকে প্রতীয়মান হয়।
