সম্মিলিত ইসলামী ব্যাংক’র ২০% বেতন কমানোর পরামর্শ
একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচ ইসলামি ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা কমানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক বেতন-ভাতার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তা চেয়েছিল, তখনই এই পরামর্শ দেওয়া হয় ব্যাংক পাঁচটিকে।
ব্যাংকগুলো এখন এই পরামর্শ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
একীভূত হতে যাওয়া ওই পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো তারল্যসংকটের কারণে গ্রাহকেরা টাকা তুলে সমস্যায় পড়ছেন, কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে।
গত বুধবার বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে ওই পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই বৈঠকে সভাপতিত্ব করেন। ব্যাংক পাঁচটি বেতন-ভাতা দেওয়ার জন্য এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক প্রায় ৩৫০ কোটি টাকার অনুমোদন দেয়।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসব ব্যাংকের পেছনে আর বেশি টাকা ঢালতে চায় না বাংলাদেশ ব্যাংক। এ জন্য খরচ কমিয়ে আনতে বলা হয়েছে। পাশাপাশি নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়ে সরকার থেকে মূলধনের টাকা আনার প্রক্রিয়া করা হচ্ছে। দ্রুত একীভূত করে নতুন ব্যাংকের যাত্রা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
