আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠান মেহমুদ ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড।
এ লক্ষ্যে আইপিওর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব দিতে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে আনোয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং মেহমুদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মেহমুদ ইন্ডাস্ট্রিজের আইপিও কার্যক্রমে ইস্যু ব্যবস্থাপনা-সংক্রান্ত সেবা দেবে ইউসিবি ইনভেস্টমেন্ট। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি মূলধনের চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করার লক্ষ্য রয়েছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মেহমুদ ইন্ডাস্ট্রিজ আনোয়ার গ্রুপের টেক্সটাইল বিভাগের একটি প্রতিষ্ঠান। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য সুতা উৎপাদন করে প্রতিষ্ঠানটি। স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং কার্যক্রমের সমন্বয়ে গড়ে ওঠা উৎপাদনব্যবস্থায় স্পিনিংকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটি।
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু হয় ১৮৩৪ সালে। বর্তমানে গ্রুপটির অধীনে ৩৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৪ হাজার মানুষ কাজ করছেন।
বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্প। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ।
আইপিওর মাধ্যমে দীর্ঘমেয়াদি ইকুইটি মূলধন সংগ্রহ করে ব্যবসার পরবর্তী প্রবৃদ্ধির ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মেহমুদ ইন্ডাস্ট্রিজ। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।
