ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
কোম্পানিটির ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশসহ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানির পক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মো. কবীর হোসেন।
সম্প্রতি ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় শেয়ারহোল্ডারদের পাশাপাশি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এসব প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয়।
সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।
এদিকে, কোম্পানির স্পন্সর পরিচালকদের মধ্য থেকে অধ্যাপক এ এন এম এ জাহের এবং প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ ২৪৮ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৩১ টাকা জমা দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল।
এ ছাড়া বিদ্যমান শ্রম আইন অনুযায়ী, কোম্পানির মুনাফার ৫ শতাংশ বা ৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিক মুনাফা অংশীদারত্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।
সভায় কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসি চেয়ারম্যান, স্ট্যাটিউটরি অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারিও উপস্থিত ছিলেন।
