শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
আজকের সংবাদ

এমএসসিআই সূচকে বাংলাদেশের ৬ কোম্পানি যুক্ত, বাদ ৪টি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের শেয়ারবাজারের ছয়টি কোম্পানির পরিচিতি ও গুরুত্ব বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৈশ্বিক বিনিয়োগ সূচক এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেটস ইনডেক্সে বাংলাদেশের ছয়টি কোম্পানি যুক্ত হচ্ছে। একই সঙ্গে এই সূচক থেকে বাদ পড়ছে চারটি কোম্পানি। আগামী ৩০ নভেম্বর লেনদেন শেষে নতুন এই পরিবর্তন কার্যকর হবে।

নতুন করে সূচকটিতে যুক্ত হতে যাওয়া ছয়টি কোম্পানি হলো—বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক।

অন্যদিকে, সূচক থেকে বাদ পড়ছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), রেনাটা, রবি আজিয়াটা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এমএসসিআইয়ের সর্বশেষ ইকুইটি ইনডেক্স পর্যালোচনার অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।

বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে

এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেটস ইনডেক্সে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, আন্তর্জাতিক অনেক বিনিয়োগ তহবিল এই সূচক অনুসরণ করে তাদের বিনিয়োগ পরিচালনা করে। সূচকে নতুন কোনো কোম্পানি যুক্ত হলে এসব তহবিলকে নতুন বিন্যাস অনুযায়ী সংশ্লিষ্ট শেয়ার কিনতে হতে পারে।

ফলে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানিগুলোর পরিচিতি ও দৃশ্যমানতাও বাড়ার সুযোগ তৈরি হয়।

তবে সূচকে অন্তর্ভুক্ত হলেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত হবে কিংবা শেয়ারের দাম বাড়বে—এমন নিশ্চয়তা নেই। সংশ্লিষ্ট কোম্পানির জন্য সূচকে নির্ধারিত ওজন বা ওয়েটেজও গুরুত্বপূর্ণ। কারণ সূচক অনুসরণকারী তহবিলগুলো সাধারণত কোম্পানির বিনিয়োগযোগ্য বাজারমূল্যের ভিত্তিতে শেয়ার কেনার পরিমাণ নির্ধারণ করে।

ক্ষুদ্র মূলধনি সূচকেও বড় পরিবর্তন

এদিকে এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেটস স্মল ক্যাপ ইনডেক্সেও বাংলাদেশের শেয়ার নিয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। এই সূচকে নতুন করে ৮৩টি কোম্পানি যুক্ত হচ্ছে এবং বাদ পড়ছে আটটি কোম্পানি।

তবে স্মল ক্যাপ সূচকের এই পরিবর্তন মূল ফ্রন্টিয়ার মার্কেটস ইনডেক্সের পরিবর্তন থেকে আলাদা। অর্থাৎ, দুটি সূচকের তালিকা ও পর্যালোচনা পৃথকভাবে বিবেচিত হবে।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর স্বাভাবিক হচ্ছে সূচক পর্যালোচনা

বাংলাদেশের শেয়ারবাজারের জন্য এবারের এমএসসিআই পর্যালোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ফ্লোর প্রাইসসংক্রান্ত বিশেষ ব্যবস্থার কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইকুইটি সূচকগুলোর পর্যালোচনা ও করপোরেট কার্যক্রম বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা অনুসরণ করছিল এমএসসিআই।

তবে সব শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হওয়ায় এবার নভেম্বর পর্যালোচনা থেকে এমএসসিআই বাংলাদেশ সূচকগুলোর পরিবর্তন ও করপোরেট কার্যক্রম বাস্তবায়ন আবার শুরু করেছে।

২০২৬ সালের জুনে বাজার শ্রেণিবিন্যাস পর্যালোচনায় এমএসসিআই জানিয়েছিল, বাংলাদেশে অবশিষ্ট সব ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ ও শেয়ার লেনদেনের ক্ষেত্রে আগে যে প্রতিবন্ধকতা ছিল, তা দূর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, এমএসসিআই সূচকে বাংলাদেশের কোম্পানির অন্তর্ভুক্তি এবং ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর স্বাভাবিক পর্যালোচনা কার্যক্রম শুরু হওয়া দেশের শেয়ারবাজারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য ইতিবাচক বার্তা। তবে এই সুযোগ কাজে লাগাতে বাজারে স্বচ্ছতা, তারল্য, সুশাসন এবং বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *