× Pujibazarpress - Follow Us
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
কোম্পানি সংবাদ

এমারেল্ড অয়েল কেলেঙ্কারিতে ৪৬ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এসব অনিয়মের মাধ্যমে কোম্পানিটির শেয়ারের দাম প্রভাবিত করার অভিযোগে মিনোরি বাংলাদেশ লিমিটেডকে ২০ কোটি টাকা জরিমানা করেছে সংস্থাটি।

একই ঘটনায় এমারেল্ড অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিচালকদের মধ্যে ১২ জনকে জরিমানা করা হয়েছে ২৬ কোটি ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৪৬ কোটি ৪৫ লাখ টাকা।

কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ ও হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ এবং দ্বিতীয় বাজারে শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির ঘটনা তদন্ত করতে গিয়ে এসব অনিয়মের তথ্য পায় বিএসইসি।

 

 

 

 

তদন্তে উঠে এসেছে, আর্থিক বিবরণীতে যথাযথ তথ্য প্রকাশ না করে এবং মিথ্যা তথ্য দিয়ে কোম্পানিটির শেয়ারের দাম প্রভাবিত করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বিএসইসি সূত্রে জানা গেছে, কমিশনের এনফোর্সমেন্ট বিভাগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরিমানার তালিকায় সবচেয়ে বেশি ১০ কোটি টাকা দিতে হবে এমারেল্ড অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনকে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা মো. আশরাফুল আলম ও স্বতন্ত্র পরিচালক সাজিব হোসেনকে ৫ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জি, মোহাম্মদ গোলাম সারওয়ার এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুল ইসলামকে ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। স্বতন্ত্র পরিচালক ড. মো. লিয়াকত হোসেন মোরাল, শাহিনুর খানম এবং মনোনীত পরিচালক সিদরাতুল মাহবুব হাসানকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে মনোনীত পরিচালক মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হাসান ও মো. রুবেল সরদারকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।

একই ঘটনায় সংশ্লিষ্ট আরও ১৬ ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তদন্তে অনিয়মের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

 

 

 

 

 

 

ঋণ কেলেঙ্কারি ও মূলধনসংকটের কারণে ২০১৭ সাল থেকে ‘স্পন্দন’ ব্র্যান্ডের রাইস ব্র্যান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান এমারেল্ড অয়েলের কার্যক্রম বন্ধ ছিল। ২০২১ সালে প্রতিষ্ঠানটিকে আবার চালু করতে উদ্যোগ নেন জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন।

বিএসইসির বিশেষ অনুমোদন নিয়ে তার নেতৃত্বাধীন মিনোরি বাংলাদেশ প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয়। এতে প্রতিষ্ঠানটি এমারেল্ড অয়েলের বৃহত্তম অংশীদার হয়। এর ধারাবাহিকতায় ২০২২ সালের জানুয়ারিতে আবার বাণিজ্যিক উৎপাদনে ফেরে এমারেল্ড অয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *