ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে
জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সহ-সভাপতি গাজী আনোয়ার। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউ’র দুই হাজার সদস্য সাংবাদিক ন্যাশনাল লাইফের গ্রুপ বীমার সুবিধা পাবেন।
চুক্তি অনুযায়ী ডিআরইউ’র সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং কোন অপারেশন হলে ৭০ হাজার টাকা পাবেন। চুক্তিটি এক বছরের মেয়াদকালের জন্য করা হয়েছে।
