তৃতীয় কার্যদিবসে লোকসানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ দর বৃদ্ধির শীর্ষে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বড় লোকসানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৮০ পয়সা বা ১০ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।
বিভিন্ন খাতের এই কোম্পানিটি গতকাল (সোমবার) তিন আর্থিক বছরের (২০২১-২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তিন বছরে কোম্পানিটি লাভের মুখ দেখেনি। উল্টো লোকসান দিয়েছে। মিরাকল এই তিন বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। তবে কোম্পানিটির শেয়ার দর আজ সবচেয়ে বেশি বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৪৯ টাকা ৫০ পয়সায়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাম্বি ফার্মার শেয়ারদর আজ ৫৪ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ০১ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে অন্যান্য শীর্ষ দশ লাভকারীরা হল ইস্টার্ন লুব্রিকেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, প্রভাতী ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, এপেক্স স্পিনিং, মুন্নু এগ্রো এবং সি পার্ল বিচ রিসোর্ট।
