পণ্য বিনিময়ে বিদেশিরাও ব্যবসা করতে পারবে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, খুব শিগগিরই বাংলাদেশের শেয়ারবাজারে কমোডিটি এক্সচেঞ্জ চালু হবে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশের ব্যবসায়ীরাও বাণিজ্য করতে পারবে।
বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএসইসি ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। বুধবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয় অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের জন্য ১৯৭৪ সালে জাতিসংঘে দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেন। বহু আন্তর্জাতিক ফোরামে তিনি বহুবার এই দাবির পুনরাবৃত্তি করেছেন। গত ১৫ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। তবে তা এখনও তুলনামূলক কম।
তিনি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে বাংলাদেশ বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছে। ১০০% বিদ্যুতায়নের ফলে আমাদের উৎপাদন খরচ অনেক কমে গেছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বাংলাদেশের শেয়ারবাজারে অনেক ভালো কোম্পানি রয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা এসব কোম্পানিতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
রোড শোতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, দক্ষিণ আফ্রিকার গণপূর্ত ও অবকাঠামো মন্ত্রী শীল জিকালালা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত নূর ই হেলাল সাইফুর রহমান।
