বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারকে পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে এগিয়ে নিব: বিএসইসি চেয়ারম্যান

দেশের পুঁজিবাজারের পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে বাজারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, বিএসইসি পুঁজিবাজারের সমস্যা ও প্রতিবন্ধকতাগুলোর সাময়িক সমাধান নয়, বিশ্বমানের যুগোপযোগি সংস্কারের মাধ্যমে টেকসই ও নিশ্চিত সমাধানে কাজ করছে। পুঁজিবাজারের সংস্কারে টাস্কফোর্স করেছে এবং ফোকাস গ্রুপের মাধ্যমে বাজারের সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সংস্কারের রূপরেখা তৈরি হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএসইসি ভবনে পুঁজিবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজসমূহের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএসইসি তিন কমিশনার- মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ; বিএসইসি’র কর্মকার্তাবৃন্দ এবং ব্রোকারেজ হাউজসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের বাজার মধ্যস্ততাকারীদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা হবে। এর মাধ্যমে আগামীতে বাজারে গতিশীলতা বৃদ্ধি পাবে। এছাড়া সিকিউরিটিজ আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করার মাধ্যমে সকল অনিয়ম দূর করে দেশের পুঁজিবাজারকে বিশ্বমানের ও মেধাভিত্তিক করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় ব্রোকারেজ হাউজসমূহের শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি অনুষ্ঠিত সভায় বিশেষ গুরুত্ব পায়।
সভায় পুঁজিবাজারের বিদ্যমান বিভিন্ন নিয়ম-নীতির প্রয়োজনীয় সংস্কার, বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তিসম্পন্ন ও সরকারি মালিকানাধীন কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, তালিকাভুক্তিতে উৎসাহ বাড়াতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্যে সংস্কার, মার্জিন রুলের পুনর্বিবেচনা ও সংস্কার, ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর সংক্রান্ত নীতিমালা তৈরি ও তাদের দায়িত্বশীলতা বৃদ্ধি, পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ক্যাপিটাল গেইন ও ডিভিডেন্ডের উপর আরোপিত করের ক্ষেত্রে সংস্কার আনয়ন, বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণের প্রস্তাবনা উত্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *