মেঘনা সিমেন্টের উৎপাদন বন্ধ, নিরীক্ষায় একাধিক আপত্তি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসির ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীর ওপর শর্তযুক্ত মতামত (কোয়ালিফায়েড ওপিনিয়ন) দিয়েছেন নিরীক্ষক।
কোম্পানিটির তারল্য সংকট, ব্যাংকঋণ পুনঃতফসিল ও ঋণপত্র (এলসি) খোলায় সীমাবদ্ধতা, উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা, মজুত পণ্যের হিসাব এবং পাওনা আদায় নিয়ে একাধিক আপত্তি তুলে ধরেছেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান টি. হুসেইন অ্যান্ড কোম্পানি প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির অংশীদার মোহাম্মদ আবু কাওসার এফসিএ নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শর্তযুক্ত মতামতের পাশাপাশি প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটার’ এবং ‘আদার ম্যাটারস’ অনুচ্ছেদও যুক্ত করা হয়েছে।
নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, তারল্য সংকটের কারণে কোম্পানিটির ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিল এবং প্রধান কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে কোম্পানিটি মূল উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে টোল ম্যানুফ্যাকচারিং বা চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় যায়।
এ ব্যবস্থায় ২০২৬ অর্থবছরে কোম্পানিটির চুক্তিভিত্তিক উৎপাদন থেকে আয় হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৪৩৫ টাকা। আগের অর্থবছরে এ আয় ছিল ২৭ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৯১৯ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতের আয় কমেছে।
কোম্পানিটির আর্থিক অবস্থার দুর্বলতা তুলে ধরে নিরীক্ষক জানান, আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৩ টাকা ৮৭ পয়সা। এ ছাড়া চলতি অনুপাত ০.৮৫, দ্রুত অনুপাত ০.৬১ এবং ঋণ পরিশোধ সক্ষমতার অনুপাত ঋণাত্মক ০.৮০। এসব সূচক কোম্পানিটির তারল্য ও ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। এ অবস্থায় কোম্পানির ব্যবসা অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মূল্যায়ন এবং আর্থিক বিবরণীতে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ যথেষ্ট সমর্থনযোগ্য নয় বলে মনে করেছেন নিরীক্ষক।
মজুত পণ্যের হিসাব নিয়ে আপত্তি
নিরীক্ষা প্রতিবেদনে মজুত পণ্যের হিসাব নিয়েও আপত্তি জানানো হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির মজুত পণ্যের পরিমাণ ছিল ১১১ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪০ টাকা। আগের অর্থবছর শেষে এ পরিমাণ ছিল ১১৮ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা।
নিরীক্ষক জানান, ২০২৬ সালের ১ ও ২ জুলাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে মজুত পণ্যের সরেজমিন যাচাই কার্যক্রমে অংশ নেন তাঁরা। এ সময় নমুনাভিত্তিক পদ্ধতিতে গুদাম ও উৎপাদনস্থলে থাকা পণ্যের সঙ্গে গণনাসংক্রান্ত নথি মিলিয়ে দেখার চেষ্টা করা হয়। কিন্তু অধিকাংশ মজুত পণ্যের ক্ষেত্রে গণনাসংক্রান্ত নথির সঙ্গে বাস্তব মজুতের মিল পাওয়া যায়নি।
নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, ব্যাংকঋণ পুনঃতফসিল এবং প্রধান কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার সীমাবদ্ধতার কারণে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে কোম্পানিটির মূল উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর চুক্তিভিত্তিক উৎপাদন শুরু হলেও অধিকাংশ কাঁচামাল অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। ফলে এসব কাঁচামালের মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু সম্ভাব্য এ ক্ষতির বিপরীতে কোনো সমন্বয় করা হয়নি।
এ ছাড়া আলোচ্য সময়ে নতুন করে কোনো কাঁচামাল কেনা হয়নি বলে ক্রয়সংক্রান্ত হিসাবের সময়সীমা যাচাই করা সম্ভব হয়নি। এসব কারণে মজুত পণ্য এবং সংশ্লিষ্ট আর্থিক হিসাবের কোনো সমন্বয় প্রয়োজন কি না, তা নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।
পাওনা আদায় না হওয়া নিয়েও প্রশ্ন
কোম্পানিটির পাওনা বা প্রাপ্য হিসাবের পরিমাণ ২০২৬ সালের ৩০ জুন শেষে দাঁড়িয়েছে ৭৩ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৯ টাকা। আগের অর্থবছর শেষে এ পরিমাণ ছিল ৭৬ কোটি ১১ লাখ ১৬ হাজার ২৩২ টাকা।
নিরীক্ষক জানান, আলোচ্য বছরে চুক্তিভিত্তিক উৎপাদন থেকে ২২ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৪৩৫ টাকা আয় হয়েছে। তবে পাওনার স্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া এবং হিসাবের সময়সীমা যাচাই করা হলেও আগের বছরের পাওনার উল্লেখযোগ্য অংশ আদায় হয়নি। এ ছাড়া অনাদায়ী পাওনার বিপরীতে কোম্পানিটি কোনো সন্দেহজনক ঋণের সংস্থান বা প্রভিশন রাখেনি। এ বিষয়টিও নিরীক্ষকের আপত্তির কারণ হয়েছে।
ঋণ পুনঃতফসিলের ওপর নির্ভর করছে ব্যবসার ধারাবাহিকতা
নিরীক্ষা প্রতিবেদনের ‘এমফাসিস অব ম্যাটার’ অংশে কোম্পানিটির ঋণ পুনঃতফসিলের উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিকল্পনা এবং ব্যাংকঋণ পুনঃতফসিলের চলমান প্রক্রিয়ার ওপর কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম অনেকাংশে নির্ভর করছে। ঋণ পুনঃতফসিল সফলভাবে সম্পন্ন হওয়া এবং পরবর্তী সময়ে পরিচালন নগদ প্রবাহের উন্নতি না হলে কোম্পানিটির ব্যবসা অব্যাহত রাখা কঠিন হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর কোম্পানিটি তার ব্যবসা পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকগুলোর কাছে ১০ বছর মেয়াদি একটি সম্ভাব্যতা সমীক্ষা জমা দেয়। ওই সমীক্ষায় ১০ বছরে গড়ে ২ হাজার ১২৫ কোটি টাকা টার্নওভার এবং গড়ে ১.৩৫ ঋণ পরিশোধ সক্ষমতার অনুপাত অর্জনের পূর্বাভাস দেওয়া হয়। একই সঙ্গে কোম্পানিটির শ্রেণিকৃত সব ঋণ পুনঃতফসিলের প্রস্তাব করা হয়। ব্যাংকগুলো বর্তমানে ওই সমীক্ষা পর্যালোচনা করছে এবং কোম্পানির শ্রেণিকৃত ঋণ নিয়মিতকরণ ও পুনঃতফসিলের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
তবে আর্থিক বিবরণী অনুমোদনের সময় পর্যন্ত ঋণ পুনঃতফসিলের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। এ কারণে ২০২৬ সালের ৩০ জুন তারিখে ঋণের যে স্থিতি ছিল, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে ভবিষ্যৎ আর্থিক প্রতিবেদনে প্রয়োজনীয় হিসাব সমন্বয় অথবা তথ্য প্রকাশ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্র্যাচুইটি তহবিল নিয়েও নিরীক্ষকের পর্যবেক্ষণ
কোম্পানিটির কর্মীদের গ্র্যাচুইটি তহবিল নিয়েও নিরীক্ষক আপত্তি তুলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কোম্পানিটি গ্র্যাচুইটি তহবিল পরিচালনা করলেও অর্থ আইন ২০২০ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন প্রয়োজন। কিন্তু এখনো এ অনুমোদন নেওয়া হয়নি। পাশাপাশি গ্র্যাচুইটি তহবিলের কোনো অ্যাকচুয়ারিয়াল মূল্যায়নও করা হয়নি।
এদিকে, কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীও একই নিরীক্ষক প্রতিষ্ঠান নিরীক্ষা করেছিল। ওই বছরের আর্থিক বিবরণীর ওপর ২০২৫ সালের ২৮ অক্টোবর নিরীক্ষক পরিবর্তিত মতামত দিয়েছিলেন বলে চলতি প্রতিবেদনের ‘আদার ম্যাটারস’ অংশে উল্লেখ করা হয়েছে।
